“শিক্ষকের বেত”

“শিক্ষকের বেত”
মো:আশরাফুল আলম
============================
শিক্ষকের বেত যেদিন থেকে, হারিয়ে গেল দূরে,
শাসন করার সুরটি আর, বাজে না গুরুর সুরে।
থেমে গেল সেই পবিত্র ভয়, স্তব্ধ দায়ভার,
শ্রদ্ধা-স্নেহের বাঁধন ভেঙে, হলো যে ছারখার।
একটি বেত কি শুধুই ছিল, শাসনের হাতিয়ার?
ভুল শোধরাতে শেখাতো যে, সভ্যতারই পাঠ।
শরীরে যার লাগত ভয়, কাঁপত শিশুর বুক,
ভেতর থেকে জাগত মানুষ, ফুটত আলোর মুখ।
যুগ বদলিয়েছে, সম্মান বিলীন অতল জলে,
গুরুর হাতের স্নেহের দণ্ড, হারিয়ে গেল ছলে।
রয়ে গেল নামকাওয়াস্তে, অধিকারের ছায়া,
কারিগরের মনে এখন, শুধুই কেবল মায়া।
পুতুল হয়ে দাঁড়িয়ে আছেন, মানুষ গড়ার গুরু,
নির্বাক চোখে তাকিয়ে দেখেন, চরম অবক্ষয় শুরু।
আজকে কেবল ডিগ্রি মেলে, মিলছে কাগজের মান,
খাঁটি মানুষ ক’জন বলো গড়ছে দেশের প্রাণ ?
বিশাল বড় সার্টিফিকেট, সাজানো থাকে ঘরে,
মূল্যবোধের চরম অভাব, বিবেকটাকে মারে।
পথহারা এই প্রজন্মকে, যদি বাঁচাতে চাও,
গুরুর হাতে আবার, শাসন-ক্ষমতা ফিরিয়ে দাও।
শিক্ষক তবেই গড়তে পারবেন, আসল নাগরিক,
মর্যাদা আর ভালোবাসায়, খুঁজে পাবেন দিক।
