আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ১৮ই রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলায় শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন

মোঃ মহিউদ্দিন মহিন: ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিষদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এর মাধ্যমে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিষয়টি শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পরে শিক্ষক নেতারা ভোলা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, প্রধান শিক্ষক মো. মেসবাহ উদ্দিন, তোফায়েল আহমেদ, মো. ফয়জুল্লাহ, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর এশার নামাজ আদায়ের জন্য মনপুরা উপজেলা মডেল মসজিদে গেলে অধ্যক্ষ মো. মহিউদ্দিন হামলার শিকার হন বলে শিক্ষক নেতারা জানান। তাঁদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমের নেতৃত্বে এ হামলা করা হয়। এ ঘটনায় পরদিন আটজনকে আসামি করে মনপুরা থানায় মামলা করা হয়। তবে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা দাবি করেন, মামলা দায়েরের পর এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

ফেসবুকে লাইক দিন

;