আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, ২৯শে রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

মনপুরার উন্নয়নে একাধিক প্রকল্প, ফেরি যোগাযোগ ও আধুনিক জেটির উদ্যোগ

রিয়াজ উদ্দিন মনপুরা উপজেলা প্রতিনিধ: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী সফর করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়ন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে স্পিডবোটযোগে মনপুরার জনতা বাজারে পৌঁছান তিনি। সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জনতা বাজারে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য। এ সময় নুরুল ইসলাম নয়ন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে চরফ্যাশন ও মনপুরার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের বিনোদন ও খেলাধুলার সুযোগ বাড়বে। সফরকালে উপজেলা মডেল মসজিদে গিয়ে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি। পরে সেখানে যোহরের নামাজ আদায় করেন।
সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, এটি কোনো রাজনৈতিক বা সাধারণ সরকারি সফর নয়। মনপুরার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে নিয়ে তিনি মনপুরায় এসেছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চরফ্যাশনের বেতুয়া থেকে মনপুরার জনতা বাজার পর্যন্ত রুটে ফেরি চলাচলের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সর্বাত্মক চেষ্টা চলছে। পাশাপাশি মনপুরায় একটি আধুনিক মানের জেটি নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মনপুরাকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করা হবে। একই সঙ্গে চরকলাতলী ইউনিয়নের চারপাশে বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যেও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়ে খোঁজ নেন সংসদ সদস্য। আশপাশের সড়কে অবস্থানকালেই সাধারণ মানুষের প্রয়োজনীয় কাগজপত্র ও নথিতে স্বাক্ষর করে দেন তিনি। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও সন্তুষ্টি দেখা যায়। স্থানীয়রা বলছেন, পৌরসভা, মিনি স্টেডিয়াম, শিশু পার্ক, আধুনিক জেটি, ফেরি যোগাযোগ ও বেড়িবাঁধসহ এসব উন্নয়ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে মনপুরার দীর্ঘদিনের যোগাযোগ সংকট ও অবকাঠামোগত সমস্যার অনেকটাই সমাধান হবে। একই সঙ্গে দ্বীপ উপজেলার অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনাও আরও বিকশিত হবে।

ফেসবুকে লাইক দিন