বোরহানউদ্দিনে ইউনিয়ন যুবদল সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মজনু বয়াতিসহ চারজনের বিরুদ্ধে করা মামলা, হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় টবগী ইউনিয়নের মনিরাম বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। টবগী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মজনু বয়াতিসহ চারজনের বিরুদ্ধে ‘কামাল’ নামে এক ব্যক্তির পক্ষ থেকে মিথ্যা মামলা, হামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, এলাকায় সংঘটিত কয়েকটি চুরির ঘটনায় কামাল ও আবিরের সম্পৃক্ততা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নিরীহ ও নির্দোষ ব্যক্তিদের হয়রানি করার জন্য মামলা করা হয়ে থাকলে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। সমাবেশ থেকে বক্তারা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আল্টিমেটাম দেন। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
