বোরহানউদ্দিনে আগুনে পুড়ল প্রতিবন্ধী পরিবারের বসতঘর, পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে খুন্নাগ বাড়ির গগনআলীর ছেলে প্রতিবন্ধী কাশেমের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও বসতঘর রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারটিকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভুক্তভোগী কাশেম জানান, তিনি স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ওই ঘরে বসবাস করতেন। তাদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানসহ তিনি নিজেও প্রতিবন্ধী। অগ্নিকাণ্ডে এক মুহূর্তেই তাদের সর্বস্ব পুড়ে গেছে বলে তিনি জানান। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তকে সহায়তা প্রদান করা হয়েছে। তাদের পুনর্বাসনের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
