ব্রাজিল সমর্থকদের শোডাউনে যোগ দিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের পূর্বনির্ধারিত শোডাউনে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন নামে আরও একজন আহত হয়েছেন। নিহত বাবুল ইসলাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৌদ্দেরপোল বাজারের পশ্চিম পাশের চানগাজী বাড়ির বাসিন্দা এবং মাকসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে বোরহানউদ্দিন পৌর ভবন থেকে ব্রাজিল সমর্থকদের একটি র্যালি কুঞ্জেরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একই সময়ে বাবুল ইসলাম মোটরসাইকেলে করে ওই শোডাউনে যোগ দিতে বোরহানউদ্দিনের দিকে রওনা হন। পথিমধ্যে টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন দৌলতখান সড়কের সেজওয়াল বাড়ির মোড়ে পৌঁছালে রাস্তা পারাপাররত এক বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ঢালাই করা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সুজন নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে ঘটনার বিষয়ে ব্রাজিল সমর্থক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাটি তাদের বহরের কোনো গাড়ির সঙ্গে ঘটেনি। বহরটি ঘটনাস্থল অতিক্রম করার সময় দুর্ঘটনাটি দেখতে পায়। পরে মানবিক দায়িত্ববোধ থেকে বহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, নিহত ব্যক্তি ব্রাজিলের জার্সি পরিহিত থাকায় অনেকেই ধারণা করেছেন তিনি বহরের সদস্য ছিলেন অথবা বহরের কোনো গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে। প্রকৃতপক্ষে এমন তথ্য সঠিক নয়। জানা গেছে, নিহত বাবুল ইসলাম র্যালির মূল বহরের সদস্য ছিলেন না। তবে ব্রাজিল সমর্থকদের শোডাউনে অংশ নিতে যাওয়ার পথে বহরের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় বোরহানউদ্দিনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা সমর্থকদের পূর্বনির্ধারিত র্যালিও স্থগিত করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
