বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধ: স্বামী-সন্তানকে মারধর ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহিণীর স্বামী ও সন্তানদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সেতারা বেগম (৪০) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে কাচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পদ্মমনসা একতা বাজার এলাকায় সেতারা বেগমের ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে একই এলাকার মোঃ আক্তার মাজি, কুদ্দুস মাজি, শাকিল মাজি, তামিমসহ আরও ৪–৫ জন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের কাজে বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় উপস্থিত মিস্ত্রিদের লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে স্বামী নাছির ও দুই ছেলে মোমিন, জুয়েলসহ উপস্থিত আরও কয়েকজন মিস্ত্রি আহত হন। একই সাথে দোকানঘর ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এর আগে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও আক্তার মাঝি বারবার উপেক্ষা করেছে বলেও জানান সেতারা বেগম। ঘটনার সুস্থ বিচারের দাবি জানিয়েছেন সেতারা বেগম ও তার স্বামী তারা বলেন যদি কাগজপত্রের কোন ঝামেলা থাকে তাহলে আমরা জমি চাইনা, কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে জমি আমাদের। জানতে চাইলে অপরপক্ষ আকতার মাঝি জানান, এ জমি নিয়ে শালিশ চলমান। শালিশ গন বলছেন মিমাংসা না হওয়া পর্যন্ত কেউ যেন নতুন করে কাজ না করে, কিন্তু তারা শালিশ অমান্য করে কাজ করে। আমরা জিজ্ঞেস করতে গেলে আমাদের উপর হামলা করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
