মানুষ গড়ার কারিগর-মো: আশরাফুল আলম

মানুষ গড়ার কারিগর-মো: আশরাফুল আলম
”৯৭ ভাগ জ্ঞানের মশাল, যাদের ত্যাগে দীপ্যমান,
অভাবের এই শৃঙ্খলে আজ, পিষ্ট তাদের সম্মান।”
সকাল সাঝের পাঠশালাতে, জ্ঞানের আলো জ্বেলে,
নিজের ঘরেই আঁধার পোষেন, হাজারো কষ্ট মেলে।
এন্ট্রি লেভেলের বারো হাজার— হাস্যকর সেই বেতন,
সংসার চলে কি করে তাতে? কার কাছে এর আবেদন?
বাড়িভাড়া আর চিকিৎসা ভাতা, সে তো কেবলি নাম,
মেধার লড়াই লড়েও তারা, পাচ্ছেন না সঠিক দাম।
সবাই পায় পূর্ণ বোনাস, তারা পায় অর্ধেক,
উৎসবের দিনেও তাদের মনে বঞ্চনারই মেঘ।
ইএফটিতে বেতন পেতেও, দশ তারিখ পার হয়,
উদাসীনতার এই মিছিলে, শিক্ষকরা আজ ক্ষয়।
অনার্স-মাস্টার্স স্তরের যারা— মানুষ গড়ার কাণ্ডারি,
বিনাবেতনে কাটছে জীবন, পিঠে কষ্টের ঝুড়ি।
নীতিমালার জাঁতাকলে পিষ্ট জীবন-যৌবন,
জাতীয়করণের ধূসর আশায় স্বপ্নরা আজ বিলীন।
