আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, ২রা রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানগঞ্জে বিধবা নারীর অভিযোগের প্রতিবাদে নিরব মিয়াজীর সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়িক অংশীদারের স্ত্রীর করা কুপ্রস্তাব ও তুলে নেওয়ার হুমকির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মো. নিরব হোসেন মিয়াজী নামে এক ব্যবসায়ী। শনিবার (১৫ আগস্ট) বোরহানউদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরব হোসেন মিয়াজী দাবি করেন, ব্যবসায়িক অংশীদার মৃত সবুজের কাছে তার ৪ লাখ টাকা পাওনা রয়েছে। ওই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই সবুজের স্ত্রী মোসা. সোনিয়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে নিরব মিয়াজী বলেন, “আমি একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে মৃত সবুজের সঙ্গে আমার ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল। গত ৪ আগস্ট স্ট্রোকজনিত কারণে সবুজ মারা যান। তার কাছে আমার ৪ লাখ টাকা পাওনা রয়েছে। এ টাকার একটি চেকও সবুজ কর্তৃক স্বাক্ষরিত রয়েছে। বিষয়টি বোরহানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা অবগত আছেন।” তিনি আরও বলেন, “সবুজের আকস্মিক মৃত্যুর পর তার পরিবারের কাছে পাওনা টাকা চাইলে তারা টাকা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু গত ১৪ আগস্ট তার স্ত্রী সোনিয়া আমার বিরুদ্ধে চরিত্রহননসহ বিভিন্ন অভিযোগ এনে সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করেছেন বলে জানতে পারি। এতে আমি হতবাক।” নিরব মিয়াজীর দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি বলেন, “পাওনা টাকা চাইলে যদি চরিত্রহননসহ বিভিন্ন অভিযোগের মুখোমুখি হতে হয়, তাহলে একজন ব্যবসায়ী হিসেবে আমি বিচার কার কাছে চাইব?” তিনি সাংবাদিক ও প্রশাসনের উদ্দেশে বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগের সামান্যতম সত্যতাও যদি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। সংবাদ সম্মেলনে নিরব মিয়াজী তার বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন