আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ ইং, ২১শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলার প্রকৃতি ও প্রেমের গল্পে তৌসিফ মাহবুবের ‘আমার রাজ্যে তুমি’

ভোলা প্রতিনিধি: ভালোবাসা, বিচ্ছেদ, ভুল সিদ্ধান্ত এবং পরিস্থিতির টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন বিশেষ নাটক ‘আমার রাজ্যে তুমি’। ক্যাপিটাল ড্রামার ব্যানারে এবং উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় নির্মিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তার বাড়ি ভোলার দৌলখানে উপজেলায়।নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। তিনিও একই জেলার বাসিন্দা। পরিচালক মাসরিকুল আলমের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে।
অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে পর্দায় দেখা যাবে কেয়া পায়েল ও নতুন মুখ মালাইকা চৌধুরীকে। কেয়া পায়েলের সঙ্গে তৌসিফকে আগে দেখা গেলেও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীর সঙ্গে এটিই তাঁর প্রথম নাটক। নাটকটি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, ‘এটি প্রথাগত কোনো প্রেমের গল্প নয়, বরং সম্পর্কের জটিলতা ও মানুষের ভেতরের মানসিক পরিবর্তনের গল্প। নতুন এই রসায়নে কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকরাও নাটকটি উপভোগ করবেন।’ গল্পের ভিন্নতা নিয়ে নির্মাতা মাসরিকুল আলম বলেন, ‘শুধুমাত্র প্রেম নয়, একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরের অনুভূতি ও মানসিক রূপান্তরকে আমরা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গল্প ও চরিত্রগুলো দর্শকদের মনে দীর্ঘস্থায়ী রেশ রেখে যাবে বলে আমাদের বিশ্বাস।’ মাসরিকুল আলম আরও বলেন, শুটিংয়ের শুরু থেকেই আমার একটি ইচ্ছা ছিল—নিজ জেলা ভোলার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতিকে দেশের সব মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরা। আমার এবং তৌসিফ ভাই—দুজনেরই বাড়ি ভোলায়। তাই এই কাজটির সঙ্গে আমাদের একটি ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে।
আমরা চেষ্টা করেছি গল্পের পাশাপাশি ভোলার প্রকৃত রূপটাও দর্শকদের সামনে তুলে ধরতে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভোলাকে নতুনভাবে চিনতে পারেন এবং এখানকার সৌন্দর্য অনুভব করতে পারেন। আশা করি দর্শক নাটকটি উপভোগ করার পাশাপাশি ভোলার প্রতি একটি আলাদা ভালোবাসাও অনুভব করবেন। ভবিষ্যতেও নিজের জেলার গল্প, মানুষ এবং সৌন্দর্যকে আরও বড় পরিসরে তুলে ধরার চেষ্টা থাকবে। সবার ভালোবাসা ও দোয়া কামনা করেন তরুণ এ নির্মাতা। নির্মাতা দলের মতে, এমন কিছু মানুষকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে, যারা গভীর অনুরাগে আবদ্ধ থাকলেও সময়, পরিবেশ ও ভুল সিদ্ধান্তের কারণে এক হতে পারে না। খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে ‘আমার রাজ্যে তুমি’ প্রকাশ করা হবে। নাটকটিতে ভোলার দেড় শতাধিক বছরের পুরনো বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী আব্দুল জব্বার মিয়া বাড়ি, বাঘমারা ব্রিজ, মেঘনা ও তেতুলিয়া নদীর তীরসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের চিত্র ধারণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন