চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ঘিরে সংঘর্ষ: লাঠিচার্জ, টিয়ারশেল, আহত ১০

নিউজ ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হওয়া এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের অতিরিক্ত কঠোরতার অভিযোগ তোলেন একাংশের পরীক্ষার্থী। একই সঙ্গে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করেও তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ রয়েছে, তারা দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের অবরুদ্ধ করার চেষ্টা করেন এবং কেন্দ্রের কয়েকটি শ্রেণিকক্ষে ভাঙচুর চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী শিক্ষক ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরীক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে। ঘটনার পর পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
