বোরহানউদ্দিনে বিরোধপূর্ণ জমিতে জোর পূর্বক দখল চেষ্টা থানায় লিখিত অভিযোগ

বোরহানউদ্দিনে প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শান্তির হাট এলাকায় বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বালু ভরাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. ইমন (২৭) পিতা মৃত ইমরান হোসেন।
ইমন অভিযোগ করে বলেন, তার পৈত্রিক প্রায় ২২ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মুক্ত ফকির ও শফিক ফকির পিতা নুরু ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার দাবি, বাবার মৃত্যুর সুযোগ নিয়ে অভিযুক্তরা প্রায় ১০ বছর ধরে ওই জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে রাজি হননি। বরং বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে ব্যবসায়িক উদ্দেশ্যে বালু এনে ভরাট শুরু করেন। খবর পেয়ে ইমন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান, অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে এগিয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন পরিস্থিতি শান্ত করেন। অভিযোগকারী দাবি করেন, উপস্থিত লোকজনের সামনেই তাকে খুন-জখমের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতেও ওই জমি ভোগদখল করতে দেওয়া হবে না বলে জানানো হয়।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং বিরোধপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, মোট ২০ শতাংশ জমি তারা ক্রয় করেছেন। তবে এখনও দলিল সম্পন্ন হয়নি। সেই সূত্রেই তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখলে আছেন। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
