ভোলার বোরহানউদ্দিনে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ২

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা উপজেলার দেউলা ইউনিয়নে পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলা ও জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালাউদ্দিন (২৫) ও তার মা জয়গুন বিবি আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী সালাউদ্দিন, পিতা- বাদশা মিয়া, জানান, গত ১৫ জুন (সোমবার) দেউলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তাদের পার্শ্ববর্তী আক্তার, খলিলুর রহমান, সিউলি, লাইজু, ইলিয়াস, রুনু, হাজেরা ও রশিদসহ কয়েকজন তাদের জমি দখলের উদ্দেশ্যে সেখানে আসে। এ সময় তারা বাধা দিলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সালাউদ্দিনের দাবি, হামলায় তিনি ও তার মা জয়গুন বিবি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।” এ বিষয়ে অভিযুক্ত খলিলুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। অন্যদিকে, বোরহানউদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
