লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মো. ছাইফুল ইসলাম (জিহাদ), লালমোহন (ভোলা): ভোলার লালমোহন উপজেলায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. তামিম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাদ বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম নোমান এবং উপজেলা যুবদল নেতা নিজাম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ইভান, মো. মুসা কালামুল্লাহসহ ধলীগৌরনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ২১ জন সমন্বয়ক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমি এলাকার তরুণদের ক্রীড়াচর্চার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় তৈরিতে অবদান রাখবে।
অনুষ্ঠান শেষে একাডেমির পক্ষ থেকে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি ফুটবল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ক্রীড়াপ্রেমী ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
