আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ ইং, ৩রা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভূমি সেবা মেলা-২০২৬ কুইজ প্রতিযোগিতায় ভোলা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সাফল্য

মোঃ রাজিউর রহমান।

ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ভোলা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছালছা বিল ইকরা প্রথম স্থান এবং রাইসা রহমান দ্বিতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে আনে।

এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. মশিউর রহমান, সরকারি কমিশনার (ভূমি)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা মেলার মতো আয়োজন সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করে। তারা বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন