আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং, ৩রা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মিথ্যা মামলার আতঙ্কে গুরুতর আহত রাকিবের পরিবার

বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী রাকিবের পরিবার এখন মিথ্যা মামলার আতঙ্কে দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ১৯ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিব দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাকে খোলা বিলের মধ্যে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তার শরীরে ১০ থেকে ১২টি কোপের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীর পরিবারের দাবি, সাকিল মীর, শহীদ মীর, নাহিদুল, মুক্তার, তৈয়ব আলীসহ কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত। আহত রাকিবের বাবা আনোয়ার বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটা মামলা করেন,যার মামলা নং ২৭। ইতোমধ্যে পুলিশ সাকিল ও মুক্তারকে গ্রেফতার করলেও অন্য অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে।
পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা নিজেদের বাঁচাতে উল্টো বিজ্ঞ ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং ৩৪। জানা যায়, হামলার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে পালানোর সময় অভিযুক্তরা একটি বাগানের কাটা তারে জড়িয়ে পড়ে, এতে নাহিদুল সামান্য আহত হয়। পরবর্তীতে নাহিদুলের মা হনুফা বিবির মাধ্যমে লালমোহনের একটি হাসপাতালে ভর্তি হয়ে একটি মামলা দায়ের করা হয়, যেখানে গুরুতর আহত রাকিবকেই প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না—এমন আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, হামলার শিকার হওয়ার পরও উল্টো রাকিব ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে করে পরিবারটি আরও বিপাকে পড়েছে এবং আইনগত হয়রানির শিকার হচ্ছে বলে দাবি তাদের। রাকিবের পরিবারের পক্ষ থেকে বলা হয়, “আমরা হামলার শিকার হয়েছি, অথচ এখন আমাদেরই আসামি বানানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।” এ বিষয়ে এলাকার সচেতন মহলের লোকজন জানান, “ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। যদি সত্যিই নিরীহ পরিবারকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।” তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা এবং নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষা করা। এদিকে রাকিবের পরিবারের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিচার এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন