চোখের জলে বিদায় আর হাসিমুখে বরণ: বোরহানউদ্দিনে মির্জাকালু বালিকা বিদ্যালয়ে স্মৃতির মেলা।

মোঃ ইকবাল হোসেনঃ একদিকে প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে যাওয়ার বিষাদ, অন্যদিকে নতুনদের বরণ করে নেওয়ার আনন্দ—এই দুইয়ের মেলবন্ধনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল ভোলার বোরহানউদ্দিনের মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯ এপ্রিল ২০২৬ রবিবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ-এর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মহসিন চৌধুরী (ট্রুম্যান)।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাফিজ ইব্রাহিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকারিয়া আজম, বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিউল্লাহ চৌধুরী, এবং বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন হান্নান মিয়া। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং ছাত্রীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী তার বক্তব্যে বলে, “এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণা আর শিক্ষকদের স্নেহ আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। আজ আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এখান থেকে পাওয়া শিক্ষা আমাদের আগামীর পাথেয় হয়ে থাকবে।” তার এই আবেগঘন বক্তব্যে উপস্থিত শিক্ষক ও সহপাঠীদের অনেকের চোখেই জল দেখা যায়। প্রধান শিক্ষক মোঃ শরীফ তার বক্তব্যে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা কেবল ভালো ফলাফল করলে চলবে না, বরং ভালো মানুষ হিসেবে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে হবে। বিদ্যালয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব এখন তোমাদের কাঁধে।”
সভাপতির বক্তব্যে মোঃ মহসিন চৌধুরী (ট্রুম্যান) বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। আজকের এই বিদায় মানে শেষ নয়, বরং এক বৃহত্তর জীবনের শুরু। আমরা বিশ্বাস করি, মির্জাকালু বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা তাদের মেধা ও শ্রম দিয়ে বোরহানউদ্দিনের নাম উজ্জ্বল করবে।” তিনি নবাগত ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের স্বাগত জানিয়ে তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে ষষ্ঠ শ্রেণির নতুন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
