কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে নজরুল জয়ন্তী পালিত

নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও পাঠাগারের নিয়মিত পাঠকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক দর্শন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, কবি নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত আজও আমাদের অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদে সাহস জোগায়। তাঁর রচনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবতা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করে। অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশন এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। শেষে কবির আদর্শকে ধারণ করে পাঠচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
