আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ ইং, ৯ই মুহাররম, ১৪৪৮ হিজরী

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের অবিলম্বে পদোন্নতির দাবীতে দ্বিতীয় দফায় মাউশিতে অবস্থান কর্মসূচি পালন, স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক: আন্তঃক্যাডার এবং অন্তঃক্যাডার বৈষম্যের এক চরম নজির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। এ ক্যাডারে ৩৩ তম বিসিএসের সদস্যরা চাকুরীতে যোগদান করে ২০১৪ সালের ৭ আগষ্ট। চাকুরীর ১২ বছরে এসেও ৩৩ ব্যাচের প্রায় ৩৫০ এর মতো প্রভাষকের এখনো জোটেনি চাকুরী জীবনের প্রথম পদোন্নতি।
কেবল বিসিএস ৩৩ ব্যাচ না, ৩২ ব্যাচেরও প্রায় ৬০ জন কর্মকর্তা বিষয়ভিত্তিক বৈষম্যের কারণে আজও পদোন্নতি বঞ্চিত। তাছাড়া ৩৫ব্যাচ পর্যন্ত সকল যোগ্যতা অর্জন করে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতিযোগ্য প্রায় ১২২৭ জন কর্মকর্তা। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চনা একদিকে যেমন সামাজিক, মানসিক ও আর্থিক ক্ষতির কারণ অন্যদিকে তা গুণগত শিক্ষারও অন্তরায়। ধারণা করা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের পর বিসিএস সাধারণ শিক্ষায় যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন আসবে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে পদোন্নতির মতো রুটিন কাজও আজ সোনার হরিণে পরিণত হয়েছে।
৩২ ও ৩৩ ব্যাচের প্রায় ৪ শতাধিক পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা আজ পদোন্নতির দাবীতে মাউশিতে দ্বিতীয়বারের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। তাঁরা মাউশির ডিজিসহ বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশনের নেতৃবৃন্দকে গত ১৪ সেপ্টেম্বর স্মারকলিপি প্রদান করেছিল। তারই ধারাবাহিকতায় আজকেও। দেখা যায়, আজ সারাদেশ থেকে আগত শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকবৃন্দ মুখে এবং বুকে কালো ব্যাজ ধারণ করে শিক্ষা ভবনের সম্মুখে অবস্থান নিয়েছে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন ৩৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষক শামীম আহমেদ, নওশীন আঞ্জুম, রহুল আমিন, শহীদুল ইসলাম আলবার্ট এবং ৩২তম বিসিএস ব্যাচের পদোন্নতি বঞ্চিত প্রভাষক হোসনে আরা ফেরদৌসসহ অন্যান্য পদোন্নতি বঞ্চিত ক্যাডার কর্মকর্তা। অবস্থান শেষে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মজিবুর রহমান এবং মন্ত্রণালয়ের অন্যান্য ডেস্কে দেখা করেন। তাছাড়া মাউশির পরিচালক (মাধ্যমিক) এবং বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন এর আহবায়ক প্রফেসর ড. খান মাঈন উদ্দিন খান সোহেল কাছে ন্যায্য দাবী উপস্থাপন করেন। তাঁরা অতি শীঘ্রই প্রভাষকদের বন্ধ পদোন্নতির ডিপিসি চালুর আশ্বাস দেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ ১৭ মাস ধরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ের পদোন্নতি বন্ধ রয়েছে। গত ০৪ জুন ২০২৫ সালে প্রভাষকদের পদোন্নতির ডিপিসির মিটিং ছিল। দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকে বলা হয় আত্তীকৃত শিক্ষকদের মামলার কারণে পদোন্নতি প্রক্রিয়া বন্ধ রয়েছে। অথচ আদালতের পর্যবেক্ষণে কোথাও বলা হয়নি পদোন্নতি প্রক্রিয়া বন্ধ রাখতে। মাউশি ও বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশনের নানা সূত্র থেকে জানা যায়, প্রভাষক পর্যায়ে পদোন্নতিতে কোর্টের মামলা বড় বাধা নয়। প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পদোন্নতির সংখ্যা নিয়ে মতভেদ। শিক্ষা মন্ত্রণালয় শূণ্য পদের বাইরে পদোন্নতি দিতে নারাজ। মন্ত্রণালয়ের হিসাবে পদোন্নতি দিলে ৫০০ কর্মকর্তার পদোন্নতি হতে পারে। এ সংখ্যা বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশন মানতে রাজি নয়। অতীতে দেখা গেছে মন্ত্রণালয়ের সিন্ধান্তের বাইরে গিয়ে বিসিএস সাধারণ শিক্ষা এসোসিয়েশন বা মাউশি দরকষাকষি করে খুব একটা লাভবান হতে পারেনি। বরং সময় নষ্ট হয়। তাই সংখ্যা বিবেচনায় না নিয়ে প্রতিবছর নিয়মিত পদোন্নতি প্রদানই হতে পারে দীর্ঘ পদোন্নতি বঞ্চনা লাঘবে উত্তম পন্থা। এদিকে পদোন্নতির দাবীতে ৩৩ ব্যাচের সদস্যরা প্রায় ৬০ দিনযাবৎ শিক্ষা মন্ত্রণালয়, মাউশি ও এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে চলেছেন তাঁদের পদোন্নতির বিষয়ে অগ্রগতি জানতে। কিন্তু উচ্চ পর্যায় থেকে কোন সুখবর না পাওয়ায় তাঁদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা কাজ করছে। এর মধ্যেই আজ তাঁরা দ্বিতীয়বারের মতো অবস্থান কর্মসূচি পালন করেন।

ফেসবুকে লাইক দিন