একাদশে শ্রেনিতে ভর্তি (২০২৫-২০২৬) আবেদনে জটিলতা

ভোলার খবর ডেস্ক: প্রিয় শিক্ষার্থী ভর্তির আবেদন করতে গিয়ে তোমাদের খুব বেশি সমস্যা? তাহলে দেখে নাও সমস্যা গুলো কি কি এবং সমাধান কোথায়–
০১. আবেদন করতে যেয়ে দেখ- আবেদন অলরেডি কে যেন করে দিয়েছে? টাকা কিন্তু ২২০/ তার পকেট থেকেই গেছে । এখন? কোন কোন কলেজ চয়েজ দিয়েছে- তাতো জানোনা। তাহলে?
সমাধান: খুব বেশি সমস্যা না হলে মূল রেজি:কার্ড বা মূল এডমিট কার্ডটা নিয়ে অফিসে চলে আস । সময় মাত্র ৩০ সেকেন্ড । ঠিক করে দেব। তুমি আসতে না পারলে যে কোন অভিভাবক আসলেই চলবে । তবে মুল রেজি:কার্ড বা মূল এডমিট কার্ডটা অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। কারণ? এই প্রজন্মের শিক্ষার্থী– অসম্ভব রকম মেধাবী। একজন মেয়ে শিক্ষার্থী ফোন করেছে– স্যার আমার ভর্তিটা একটু বাতিল করে দেন। অল্প একটু যাচাই করে দেখলাম– সে মূলত ঐ নামের শিক্ষার্থী নয় -যার নাম বাতিলের জন্য বলা হচ্ছে । সে প্রক্সি করছে মাত্র। বোঝ “বিশ্বাসের মা কতটা অসুস্থ”। তবে মাথা গরম করার কিছু নেই। আবেদন করার অনেক সময় আছে ।
০২. আবেদন করছো – ওটিপি আসছে না, টাকা জমা দিচ্ছ- কিন্তু ফিরতি মাসেজ আসছে না। মাথার চুল টেনে ছিড়তে ইচ্ছে করছে। করে দেখতে পারো। পরে না হয় “কদুর তেল” লাগিয়ে নেবে।
সমাধান: কিচ্ছু লাগবে না। কেবল লাগবে একটু সময় অপেক্ষা। মনে রেখ– একই সাথে লক্ষ লক্ষ শিক্ষার্থী আবেদন করছো– প্যানেল একটা “বুয়েট” সেখানে তোমাদের আবেদনগুলো কি একসাথে ঢুকবে? নিশ্চয়ই না। তোমারটা যখন ঢুকছে- অন্যের টা অপেক্ষায়, আবার অন্যের টা যখন ঢুকছে- তোমারটা অপেক্ষায়। ফুটবল খেলা দেখ? মেসির গোল দেয়া দেখেছ? বিপক্ষের দেড়হালি খেলোয়ারের ভিতর দিয়ে বল মারছে এবং গোল। একটু ফাক করে নিয়েছে কেবল। তোমাকে ও সময়ের ফাক ফোকর দেখে আবেদন করতে হবে। রাত ১০ টা পর বসে যাও। হাতে তো এন্ড্রয়েড সেট আছেই। তাহলে? আর পেটে খাবার না থকলেও চলবে কিন্তু মোবাইলে নেট থাকতে হবে। তাই না? রাত ১০ টা বেজে ২০ মিনিট। ব্যস শুরু করে দাও। না বুঝলে আমি তো আছিই । একটু সাবধানে আবেদন করতে হবে। আবার তোমার আবেদন কেউ না করে দেয়- সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশেষ করে স্কুল এন্ড কলেজ নামে যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়ছে – সেখানেই সমস্যাটা একটু বেশি। তবে হ্যা, কেউ যদি নিশ্চিত হও তোমাদের আবেদন কে করে দিয়েছে এবং আমাদের একটু জানাতে পারতে- তাহলে তার একটা ব্যবস্থা করে দিতে পারতাম।
০৩. আবেদনে সঠিক মোবাইল নম্বরটি খুব ইমপরটেন্ট। সেখানে সব মেসেজ যাবে। নম্বর ভুল হলে সেই ভুল নম্বরে সব মেসেজ চলে যাবে। কোথায় চান্স পেয়েছ- আর কোথায় চান্স পাওনি– তুমি কিছুই জানবেনা। অন্ধকারে থাকবে । এখন নম্বরটি ভুল হয়েছে– বা মোবাইলটি হারিয়ে গেছে– তাহলে? একটু গরজ করে শিক্ষাবোর্ডে চলে আস । রুম নম্বর ২০৮ .২০৭ .২০৬.২০৫ এ যোগাযোগ করো। আমরা তোমার মোবাইল নম্বরটি উদ্ধার করে দেব অথবা তোমার চাহিত মত নতুন আর একটা মোবাইল নম্বর সেট করে দেব।
০৪. ভর্তিতে পিন নাম্বার আর একটি ইমপরটেন্ট জিনিস। তোমার ভর্তি নিশ্চয়নের সময় এটি দরকার হবে । তখনতো পিন কোড ছাড়া ভর্তির প্যানেলই খুলবে না। অতএব সাবধান।
০৫. রিস্কুটিং (তোমরা বলো রিকাউন্টিং বা খাতা চ্যলেন্জ) এ যারা আবেদন করেছ – তারা দ্রুতই রেজাল্ট পাবে। এখন প্রশ্ন হলো– তারা কি আবেদন করবে? হ্যা- অবশ্যই তারাও আবেদন করবে। কেননা– তোমার ফলাফল পরিবর্তন হোক- তার জন্য দোয়া করছি– কিন্তু না হয় যদি? তাহলে তো প্রথম পর্যযোর ভালো ভালো কলেজের আবেদন থেকে তুমি বাদ থাকবে । আবার যদি ফলাফল পরিবর্তন হয়- তাহলে তুমি অ্বার পরিবর্তিত ফলাফল সহ ১৩ ও ১৪ আগস্ট আবেদন করতে পারবে। তবে এবারের আবেদনে তোমার কোন ফি দিতে হবে না।
০৬. একটু সচেতন থাকতে হবে তোমাকে এবং তোমার অভিভাবকে। কেননা এখন অনেক আত্মীয় স্বজন বেরুবে। তারা তাদের কলেজে তোমাকে ভর্তি করতে চাইবে। এমনকি বলবে কোন বেতন লাগবে না। অথচ উচ্চমাধ্যমিক ফরম ফিল আপের সময় কড়ায় গন্ডায় -পারলে আরো একটু বেশি করে আদায় করে নিবে। অতএব সাধু সাবধান।
আজকেরগল্প : পাহাড়ে মালভূমি আছে । পাহাড়ের মধ্যে কিছুটা সমতল এবং ঘাস লতা পাতা সমৃদ্ধ স্থান। সেখানে একটা ছোট ছাগল ছানা ঘাস খাচ্ছে। মালভূমির বেশ কিছুটা নিচে সমতল ভূমি। সেখানে একটা নেকড়ে বাঘ ছাগল ছানাটিকে দেখে ভাবছে -ইস কত্ত ভালো হতো যদি কচি ঐ বাচ্চাটাকে খাওয়া যেত । নেকড়ে বলছে -ঐ ছাগলছানা বন্ধু – নিচে নেমে এসো – এখানে ভালো ঘাস আর ফ্রেস পানির ব্যবস্থা আছে। ছাগলছানাটি বুঝে ফেলেছে – নেকড়ের ইচ্ছেটা কি । বার কয়েক ডাকাডাকির পর ছাগল ছানাটি বলছে- ” নিচে নেমে আমি ভালো ঘাস পাবো – না – তোমার খাবারে পরিণত হবো তা আমাকে ভাবতে হবে।
সতরাং তুমিও একটু ভেবে দেখ – কলেজে ভর্তির আগে দুষ্টু লোকের মিষ্টি কথায় কান দিবে কিনা। বরিশাল শিক্ষাবোর্ড তোমার পাশে আছে – চিন্তা করো না আস্থে ধীরে আবেদন করে দাও।
(প্রফেসর ড. লিয়াকত হোসেন স্যার, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল এর পোষ্ট থেকে নেয়া)
