বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন:‘জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দক্ষ মানবসম্পদ তৈরির অঙ্গীকার’ নিয়ে প্রতিষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনের তা’মীরুল উম্মাত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনে জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন তা’মীরুল উম্মাত মাদরাসার পরিচালক মাওলানা মাকসুদুর রহমান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। আদর্শ ও দক্ষ শিক্ষার্থীই আগামী দিনে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ অলী উল্যাহ, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এবং সাবেক ডিন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেকে যোগ্য করে তুলতে পারে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোঃ শামছুল আলম, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভাইস-চ্যান্সেলর, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল উম্মাত ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হাবিবুল্লাহ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, তা’মীরুল উম্মাত মাদরাসার লক্ষ্য হচ্ছে জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দেশ ও জাতির জন্য সম্পদ হিসেবে কাজ করবে। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল ও আদর্শ মানুষ হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
পরে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ৫৮ জন কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। এর মধ্যে সদ্য দাখিল ২০২৬ এ জিপিএ ৫ প্রাপ্ত ১৪ জন,অষ্টমে মেধা বৃত্তি ট্যালেন্ডপুল ৭ জন,সাধারণ ১৮ জন,পঞ্চম মেধা বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল ৬ জন,সাধারণ ১৩ জন কৃতিত্ব অর্জন করে। কৃতি শিক্ষার্থীরা ক্রেস্ট গ্রহণের সময় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ গড়ার প্রেরণা সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা। এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
