আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ ইং, ৭ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বেসরকারি শিক্ষকদের বদলির আবেদন শুরু ২১ আগস্ট থেকে

বেসরকারি শিক্ষকদের বদলির আবেদন শুরু ২১ আগস্ট থেকে

​মো:আশরাফুল আলম
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী এ প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে এই বদলি প্রক্রিয়া বাস্তবায়িত হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য শিক্ষকরা আগামী ২১ আগস্ট ২০২৬ থেকে ২৭ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে (http://ngttdshe.teletalk.com.bd) তাঁদের আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারী শিক্ষক মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন।​একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনসমূহ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের নির্দেশ দেবে।নীতিমালা অনুযায়ী, শিক্ষকগণ তাঁদের নিজ জেলায় অথবা স্বামী/স্ত্রীর নিজ জেলা বা কর্মস্থলের জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলার শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে।
​আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, চাকরিতে প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। এছাড়া নতুন কর্মস্থলে যোগদানের পরও পরবর্তী বদলির আবেদনের জন্য অন্তত দুই বছর কর্মরত থাকতে হবে।​তবে যেসব শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান রয়েছে, তাঁরা বদলির সুযোগ পাবেন না। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।বদলি হওয়া শিক্ষকদের আদেশ জারির ১০ দিনের মধ্যে অবমুক্ত হতে হবে এবং অবমুক্তির ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। এ বদলির জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।

ফেসবুকে লাইক দিন