বোরহানউদ্দিনে ‘সামাজিক অপপ্রচার ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ‘সামাজিক অপপ্রচার ও মূল্যবোধের বিকাশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার খুব দ্রুত ছড়িয়ে পড়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই কোনো তথ্যের সত্যতা যাচাই না করে তা প্রচার বা শেয়ার না করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “সত্যতা যাচাই না করে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা উচিত নয়। একটি গুজব মানুষের সম্মানহানি, সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সচেতন নাগরিক হিসেবে গুজব প্রতিরোধে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, “নৈতিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে পারলেই অপপ্রচার ও গুজবের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তর থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে।” বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব, মানহানিকর বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্র সম্পর্কে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এ সময় গুজব প্রতিরোধে তথ্য যাচাই, দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ডিজিটাল নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সমাজের সম্মিলিত উদ্যোগেই গুজব ও অপপ্রচারমুক্ত একটি সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই তরুণ প্রজন্মকে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের আহ্বান জানান এবং সত্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
