প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভোলার খবর ডেস্ক: সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট একজন মাঠকর্মী প্রায় ১৫ মাস ধরে পলাতক রয়েছেন। তাঁকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলমান রয়েছে। ওই মাঠকর্মীর দায়িত্বাধীন ব্লকের দল ও সমিতির অনাদায়ী অর্থ প্রাথমিক তদন্তে সাময়িকভাবে আমার দায় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এ-সংক্রান্ত সকল প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক নথিপত্র, হিসাব-নিকাশ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যথাযথভাবে সংরক্ষিত রয়েছে, যা প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সহায়ক হবে। বিষয়টির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমি নিজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি।
বিষয়টি বর্তমানে বিভাগীয় তদন্তাধীন। এখন পর্যন্ত কোনো আদালত কিংবা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আমাকে দোষী সাব্যস্ত করা হয়নি। সে অবস্থায় তদন্তাধীন একটি বিষয়কে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা ন্যায়সংগত নয়। এ ধরনের প্রচার আমার ব্যক্তি, পেশাগত সুনাম ও দীর্ঘ কর্মজীবনের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আমি শুরু থেকেই তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করে আসছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং দ্রুততম সময়ে বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। আমি কর্তৃপক্ষের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি, নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে সত্য সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হবে। আমি নিয়মিতভাবে আমার দাপ্তরিক দায়িত্ব পালন করে আসছি এবং প্রতিদিন অফিসে উপস্থিত থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছি। ফলে বিভিন্ন মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণার সৃষ্টি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আমার দৃঢ় বিশ্বাস, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ব্যক্তি ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছে। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি, যথাযথ তদন্ত ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী এবং সর্বসাধারণের প্রতি আমার বিনীত অনুরোধ—যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর, অসম্পূর্ণ বা একপাক্ষিক তথ্য প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকুন। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি আমার এই প্রতিবাদলিপি যথাযথ গুরুত্বসহকারে প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
মো. কামরুজ্জামান
উপজেলা প্রকল্প কর্মকর্তা (জেলা দপ্তরে সংযুক্ত) বিআরডিবি, ভোলা।
