আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ ইং, ২রা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ‘টবগী মাধ্যমিক বিদ্যালয়’

//মো: আশরাফুল আলম//
​জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে ভোলা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী “টবগী মাধ্যমিক বিদ্যালয়”। শিক্ষা, শৃঙ্খলা, সহপাঠক্রমিক কার্যক্রম ও পাবলিক পরীক্ষার গৌরবোজ্জ্বল ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত আইটি ও বিজ্ঞানাগার সুবিধা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টিকে এই অনন্য মর্যাদায় ভূষিত করা হয়।
​জানা যায়, ১৯২৫ সালে মরহুম মোস্তাফিজুর রহমান কর্তৃক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে যাত্রা শুরু করে । এই শতবর্ষী প্রতিষ্ঠানটি দীর্ঘ ইতিহাস ও প্রতিকূলতা পেরিয়ে আজ ভোলা জেলার অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠে পরিণত হয়েছে। বর্তমানে বাপ্তা ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, ইন্টারনেট ও সমৃদ্ধ বিজ্ঞানাগার, যা গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরাসরি অবদান রাখছে।
​উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জানান, “এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবসময় গ্রামীণ জনপদের এই শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার চেষ্টা করে আসছি”। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব শাহনেওয়াজ চন্দন স্যার অত্যন্ত আনন্দের সাথে বলেন আমার প্রাণের প্রতিষ্ঠান টবগী মাধ্যমিক বিদ্যালয় আমারই ধারাবাহিকতা সঠিকভাবে বজায় রেখে চলছে এবং এলাকার সম্মান বয়ে এনেছে ,আমি বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানাই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অসীম আচার্য্য তাঁর এক বাণীতে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক, যুগোপযোগী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এই স্বীকৃতি আমাদের আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং বিদ্যালয়টিকে সবসময় সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর মহোদয়, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী,বিদ্যালয়ের এলাকাবাসী, বিদ্যালয়ের শুরু থেকে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা শিক্ষা অফিসার মহোদয়, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, সাবেক ও বর্তমান উপজেলা একাডেমিক সুপারভাইজার,জেলা শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি সহ জেলার সকল শিক্ষক কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সহকারী প্রধান শিক্ষক জনাব আশরাফুল আলম বলেন-জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ আমাদের প্রিয় বিদ্যাপীঠ টবগী মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমি মহান আল্লাহ তায়ালার দরবারে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই গৌরব ও সাফল্য আমাদের বিদ্যালয়ের ইতিহাসে এক সোনালী অধ্যায়ের সূচনা করেছে। একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কঠোর অধ্যাবসায়। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়ের দক্ষ নেতৃত্ব, ম্যানেজিং কমিটির দিকনির্দেশনা, শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রম,মেধা, এবং প্রিয় শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের ফলেই আজ আমরা এই অনন্য উচ্চতায় পৌঁছাতে পেরেছি। আমি এই অর্জনের অংশীদার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক অভিনন্দন।উল্লেখ্য, বিদ্যালয়টি ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক স্কুল নেটওয়ার্কের সাথেও যুক্ত রয়েছে এবং এর ধারাবাহিকতায় British Council, UNICEF, Plan International সহ বিভিন্ন আন্তর্জাতিক এনজিওর সাথে সম্পৃক্ত থেকে সহপাঠক্রমিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতপূর্বে জেলা প্রশাসন কর্তৃক “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান” নির্বাচিত হয়েছে এবং ২০১২ ও ২০১৬ সালে ” International School Award অর্জন করেছে। বিদ্যালয়টির এই গৌরবময় অর্জনে এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন