আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ২৭শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলা-১ আসনে নির্বাচিত হলে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা- ব্যারিস্টার পার্থ

ভোলা প্রতিনিধি: ভোলা সদর আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিজয়ী হলে ভোলাকে চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন নিরাপদ ও স্বস্তির পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে নিশ্চয়তাও দেওয়া হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চিলি কমিউনিটি সেন্টারে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, “আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই, আমি অন্যায়ের সঙ্গে জড়িত নই এবং অন্যায়কে প্রশ্রয় দিতেও চাই না। আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসাই আমার একমাত্র শক্তি।” তিনি ব্যবসায়ীদের উদ্দেশে ছোট ছোট প্রতিনিধি কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, এর মাধ্যমে সরাসরি যোগাযোগ থাকলে ব্যবসায়িক সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ভোলায় টেকসই শিল্পায়ন গড়ে তুলতে হলে জমির অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা জরুরি। অতিরিক্ত জমিমূল্যের কারণে অনেক বড় শিল্পপ্রতিষ্ঠান ভোলায় বিনিয়োগ থেকে পিছিয়ে যাচ্ছে, যা জেলার অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন, ইপিজেড স্থাপন এবং শিল্পনগরী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে জেলার হাজারো বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ভোলার অর্থনৈতিক চাকা আরও গতিশীল হবে।
তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, তবে জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানসম্মত চিকিৎসাসেবা, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত না হলে উন্নয়ন পূর্ণতা পায় না।
সভায় ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার পার্থ বলেন, যে কোনো সংকটে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ‘গরুর গাড়ি’ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।
সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাধনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, আবদুর রব আকন, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া সুপার মার্কেট সমিতির সভাপতি হারুন অর রশীদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন