আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ১৫ই শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

মানুষের আইন নয়, আল্লাহর আইন চাই—ভোলার জনসভায় মজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের সংসদে মানুষের বানানো আইন নয়—আল্লাহর আইনই প্রতিষ্ঠিত করতে হবে। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে নানা দল ক্ষমতায় এলেও ইসলামী আইন বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, দেশে প্রকৃত শান্তি ও ন্যায়বিচার কায়েম করতে হলে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ জনসভায় চার উপজেলার মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন। অধ্যাপক মজিবুর রহমান বলেন, যারা আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তারা জনগণের আশা পূরণ করতে পারেনি। বরং দেশকে অশান্তি, দুর্নীতি ও লুটপাটের দিকে ঠেলে দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ড. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে। জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে। আর ‘না’ ভোট পড়লে দেশ আগের মতো আধিপত্যবাদী চাপে চলবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সরকার গঠিত হলে চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধ হবে। ড. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে। সভায় ভোলার বিভিন্ন এলাকা থেকে হাজারো কর্মী-সমর্থক অংশ নেন। বিকেলের আগেই সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্কুল সংলগ্ন সড়কেও ছিল মানুষের ভিড়। ভোলা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান। এছাড়া বক্তব্য দেন ভোলা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, বরিশাল অঞ্চলের এ কে এম ফখরুদ্দিন রাজী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইন ও সেক্রেটারি মাওলানা হারুন অর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আতাউর রহমান। এর আগে অধ্যাপক মজিবুর রহমান লালমোহন ও চরফ্যাশনেও পৃথক সমাবেশে বক্তব্য দেন।

ফেসবুকে লাইক দিন