ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাঙচুর

ভোরা প্রতিনিধি: ভোলায় ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে একটি প্রাইভেট ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ভোলা শহরের হাবিব মেডিক্যাল সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম ফাবিয়া আক্তার (২০)। তিনি ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের নাহিদ মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানান, সকালে প্রসব বেদনা উঠলে ফাবিয়াকে হাবিব মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত নার্সরা স্বাভাবিক প্রসব করানোর উদ্দেশ্যে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই ফাবিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।
স্বজনদের অভিযোগ, ক্লিনিকে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না এবং কর্তৃপক্ষের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই ফাবিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালায়। পরে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাবিব মেডিক্যাল সেন্টারের স্টাফ রাজিব ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “রোগী ক্লিনিকে আনার আগেই তার অবস্থা গুরুতর ছিল। আমাদের পক্ষ থেকে কোনো ভুল চিকিৎসা করা হয়নি।”
