ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বোরহানউদ্দিনে যৌথবাহিনীর টহল

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যৌথবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা, বাসস্ট্যান্ড, নির্বাচনী স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন পয়েন্টে নৌবাহিনী , পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
এ সময় যৌথবাহিনীর সদস্যরা যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং জনগণকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানান। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সাধারণ জনগণ যৌথবাহিনীর টহলকে স্বাগত জানিয়ে বলেন, এতে তাদের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগে সহায়ক হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলায় এই যৌথবাহিনীর টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
