আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

পিঠার ঘ্রাণে মুখর বাংলাবাজার ফাতেমা খানম কলেজ

ভোলা প্রতিনিধি: ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ১৪৩২ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জনাব আব্দুল্লাহ আল মামুন। তিনি বক্তব্যে বলেন, গ্রামবাংলার পিঠা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ জনাব হারুন অর রশিদ। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক বিকাশে সহায়ক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব ওয়াহিদুজ্জামান, জনাব শ.ম. ফারুক, দৌলতখান আবু আব্দুল্লাহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জনাব মাজাহরুল ইসলাম, অধ্যক্ষ, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবুল কাশেম, কলেজ গভর্নিং বডির সদস্য জনাব নজরুল ইসলাম, ইলিশা ইসলামীয়া মডেল কলেজের সহকারী অধ্যাপক ফখরুল আলম, রেবা রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদ আলম, প্রধান শিক্ষক মোঃ নোমান, শিক্ষক আহসান দোলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক অমিতাভ অপু এবং কলেজ শিক্ষক বিপ্লব মণ্ডল। পিঠা উৎসবে সূর্যমুখী পিঠা, পুলি পিঠা, ফাপা, ইলিশ পিঠা, চিতল পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, নারিকেল সুন্দরী পিঠা, ক্ষীর পিঠা, কদমপুলি, কুমড়ো পিঠা, দুধ খেজুরি, গাজর লাড্ডু, ছায়ামতি, কৃষ্ণচূড়া, স্বপ্নচূড়া, বন্ধুপিঠা, খেজুর রসের পিঠা, গোলাপ পিঠা ও পানতুয়াসহ বাহারি নামের পিঠা ২০টির অধিক স্টলে প্রদর্শিত হয়।
উৎসবে একাদশ, দ্বাদশ, বিএ, বিএসসি ও সম্মান বিষয়ের ৯টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষপর্বে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেরা তিনটি স্টলকে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন