আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলারের কণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমানের শেষযাত্রা

ভোলা প্রতিনিধি: ভোলার প্রবীণ সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান (৮৫) সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকাল ১১টায় ভোলা সরকারি (বালক) স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাযায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন ৭১ এ বীর যোদ্ধাকে। ভোলার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা জানাযায় অংশ নেন।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে হাসিব রহমান মাছরাঙা টিভি ও দৈনিক জনকণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ তাহের, আহ্বায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাসেত, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্জ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ বারি, দৈনিক দক্ষিণ প্রান্তর সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক অমৃতালোক’র সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমানসহ ভোলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রাজনৈতিক শোক জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা উত্তর জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান প্রমুখ।
১৯৬৬ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এম হাবিবুর রহমান। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের প্রথম সচিত্র সংবাদ তিনি দেশ-বিদেশে তুলে ধরেন, যা তাকে ‘হাবিব রিপোর্টার’ হিসেবে ব্যাপক পরিচিতি দেয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভোলার মানুষের উন্নয়ন, সংকট ও সম্ভাবনা নিয়ে লিখে গেছেন। এছাড়াও দীর্ঘদিন বাংলাদেশ বেতারের ভোলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

ফেসবুকে লাইক দিন