আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং, ১২ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা–মামলা প্রতিকার পেতে সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মিথ্যা মামলার অভিযোগ তুলেছেন বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের বাসিন্দা রফিক গং। বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় বোরহানউদ্দিন প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
রফিক গং জানান, তার প্রতিবেশী দুলাল গংয়ের সঙ্গে খরিদকৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুলাল গং তার নামে তিনটি মামলা দায়ের করলেও এর মধ্যে দুটি মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে, যার সকল প্রমাণপত্র তার কাছে রয়েছে। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর দুলাল গং তার বড় ভাইয়ের শ্যালকের স্ত্রী (বেয়াইন) আরজু বেগমের কাছে ১৬ শতাংশ জমি ১০ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। জমির মূল্য নগদ গ্রহণ করে দুলাল গং সাফ কবলা চুক্তি দলিলে স্বাক্ষর ও জমির দখল বুঝিয়ে দেন। তবে নামজারির অজুহাতে এখন পর্যন্ত রেজিস্ট্রি সম্পন্ন না করে বিভিন্নভাবে তালবাহানা করে যাচ্ছেন।
পরে উক্ত জমিতে বাউন্ডারি নির্মাণ শুরু করলে দুলাল গং এমপি-৩৮৭ নম্বর মামলা দায়ের করেন, যা আদালত রফিক গংয়ের পক্ষে রায় দেয়। এরপর দুলাল গং চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা করলেও পুলিশ তদন্তে মামলাটিকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত” হিসেবে প্রমাণ করে রফিক গংদের অব্যাহতি দেয়। রফিক গং আরও জানান, মামলায় ব্যর্থ হয়ে দুলাল গং ২৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় ২০–২৫ জন সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রফিক গং ও তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মারধর করে, তার ভাই শফিকের কান কেটে ফেলে এবং নারী সদস্যদেরও মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতাল হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরও অভিযোগ করেন, হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দুলাল গংয়ের স্ত্রী ময়না বেগম ২৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টাল “দৈনিক খবর প্রতিদিনে” ৫ লাখ টাকা চাঁদাবাজির একটি “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করেছেন।
রফিক গং সংবাদ সম্মেলনে ওই ভিডিও ও মামলাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “ভূমিদস্যু দুলাল গং আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতে একের পর এক নাটক সাজাচ্ছে।” শেষে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে আপনারাই প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে পারেন। আপনারা বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করে সত্য প্রকাশ করবেন বলে আমি আশাবাদী।”

ফেসবুকে লাইক দিন