আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ১৫ই শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

দেশের বর্তমান পরিস্থিতি: হৃদয়ের রক্তক্ষরণ

মোঃ মহিউদ্দিন: দেশের চারপাশে আজ যে দৃশ্যপট বিরাজ করছে, তা যেন হৃদয়ের ভেতর থেকে অশ্রু চেপে আনা এক গভীর রক্তক্ষরণের মতো। কোথাও নেই শান্তি, নেই স্বস্তি, নেই মানবিকতার আশ্রয়। রাস্তায় নেমে আসা প্রতিটি হাহাকার, প্রতিটি আহাজারি আমাদের কানে বাজে বজ্রনিনাদের মতো। মনে হয়, আকাশ-বাতাসও কাঁদছে—নদীর জলে, বাতাসের হাহাকারে, কৃষকের মুখের শুকনো হাসিতে প্রতিফলিত হচ্ছে এক গভীর বেদনার ছায়া।
কোথাও অহরহ খুন, চোখ তুলে ফেলা, লাশ পুড়িয়ে ফেলা, দুর্নীতি, কোথাও অন্যায়, কোথাও দুঃশাসনের কালো ছায়া গ্রাস করছে আমাদের স্বপ্নের প্রিয় মাতৃভূমিকে। একদিকে অশিক্ষা, বেকারত্ব ও দারিদ্র্যের বিষদাঁত; অন্যদিকে ভোগবিলাসী স্বার্থান্ধ গোষ্ঠীর অট্টহাসি। এ বৈপরীত্যে সাধারণ মানুষ আজ দিশেহারা। প্রজন্মের পর প্রজন্ম যে বাংলাদেশকে আলোর পথে দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশ যেন আজ অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত। এই ক্ষতবিক্ষত সময়ে কবি, সাহিত্যিক, চিন্তাশীল হৃদয়গুলো যেন হাহাকার ছাড়া আর কিছুই লিখতে পারছে না। বুকের ভেতর এক অদৃশ্য আগুন দাউদাউ করে জ্বলছে, অথচ আমরা নীরব—মনে হচ্ছে যেন আমাদের প্রাণের প্রতিটি কোষ রক্তক্ষরণ করছে। তবুও আশার আলো নিভে যায়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, যত অন্যায়-অবিচারই হোক না কেন, একদিন মানুষ জেগে ওঠে। রক্তক্ষরণের বেদনা একদিন স্রোতস্বিনী নদীর মতো গর্জে উঠবে, ভেসে যাবে অমানবিকতার সব অন্ধকার। আবার সূর্যের আলো ছড়িয়ে দেবে শান্তি, ন্যায় আর ভালোবাসার রঙ। আজকের এই অস্থিরতা, দুঃখ ও হাহাকারের ভেতর দিয়েই ভবিষ্যতের প্রজন্ম গড়ে তুলবে একটি আলোকিত দেশ। আমরা যারা আজ রক্তক্ষরণে কাতর, তারাই একদিন ইতিহাসের নতুন ভোরের সাক্ষী হবো—যেখানে অন্যায়ের স্থান থাকবে না, থাকবে শুধু ন্যায়, সত্য আর মানবতার মহিমান্বিত জয়গান।

ফেসবুকে লাইক দিন