বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। মৎস্যসম্পদের সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বাড়াতে ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই সপ্তাহব্যাপী কার্যক্রম।
১৮ আগষ্ট সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীট শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে মৎস্যজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা এবং কার্যক্রমের বিবরণ র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন এবং মৎস্যসম্পদ রক্ষায় সরকার ও জেলেদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা। তিনি জানান, এই সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে মৎস্যসম্পদ রক্ষায় আরও সচেতন করে তোলা হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর এলাহী এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জেলে, মৎস্য বিক্রেতা এবং স্থানীয় মৎস্যজীবীরা অনুষ্ঠানে অংশ নেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী দিনগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিচালিত হবে।
