আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ১২ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মডেল কলেজের প্রধান সহকারীর উপর চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক: কলেজের ক্ষতি সাধন এবং মালমাল চুরি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ভোলার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের প্রধান সহকারীর উপর সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় ইলিশা জংশন বাজারে কলেজের প্রধান সহকারী আবু বকর ছিদ্দিকের উপর ওই হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ছিদ্দিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে।
এ ঘটনায় হামলার শিকার আবু বকর ছিদ্দিক বাদি হয়ে রাশেদ ফরাজি, জুয়েল ফরাজি ও মোঃ জিহাদসহ আরও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ভিকটিমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, সন্ত্রাসী জুয়েল, রাশেদ, জিহাদসহ স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে ইলিশা ইসলামিয়া মডেল কলেজে বিরোধিতা করে আসছে। গত বছরের ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পরপরই দেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ওই চক্রটি কলেজে লুটপাটের চেষ্টা চালায়। এক পর্যায়ে কলেজের অফিস সহকারী আবু বকর ছিদ্দিকের কাছ থেকে কলেজের চাবিও ছিনিয়ে নেয়। তখন স্থানীয় লোকজনের বাধার মুখে কলেজে লুটপাট করতে পারেনি। লুটপাট করতে না পারা সন্ত্রাসী ওই চক্রটি ছিদ্দিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। এরছাড়া গত এক বছরের বিভিন্ন সময় রাতের আঁধারে কয়েক দফায় কলেজের শ্রেণিকক্ষ থেকে ২০টি ফ্যান চুরি করে নেয়। এ বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি তদন্ত চলমান রয়েছে। পুলিশের কাছে অভিযোগ দেওয়ায় সম্প্রতি ইলিশা লঞ্চঘাটে রাশেদ, জুয়েলরা আবু বকর ছিদ্দিক এর উপর চড়াও হয়। তখন উপস্থিত লোকজন ছিদ্দিককে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচিয়ে দেয়। এরপর সর্বশেষ গতকাল সোমবার বিকালে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাড়ি যাওয়ার পথে অভিযুক্তরা ছিদ্দিকের উপর হামলা করে। পরে আশপাশের লোকজন এসে সন্ত্রাসীদের হাত থেকে ছিদ্দিককে উদ্ধার করে।
স্থানীয় একাধিক সুত্র জানায় এই সংঘবদ্ধ চক্রটি ইলিশাঘাট কেন্দ্রিক চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তারা ওই এলাকার বাসিন্দা হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। এদিকে কলেজের স্টাফকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা চলছে। কলেজ খোললে দোষীদের বিচারের দাবি তারা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এ বিষয়ে ভোলা থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন