তজুমদ্দিনে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: ভোলার তজুমদ্দিন উপজেলার লামছি শম্ভুপুর গ্রামে কবির(৩৫) নামের বাক প্রতিবন্ধী যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করেছেন স্বজনরা। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
শুক্রবার (১জুলাই) সকালে উপজেলার লামছি শম্ভুপুর গ্রামের ৭নং ওয়ার্ডের রাড়ী বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী রাবেয়া বেগম জানান, তিনি থালা বাসন ধৌত করতে পরিত্যক্ত পুকুরে যান,সেখানে ছোট মাছের ছোটাছুটি দেখে সেদিকে গিয়ে লাশ দেখতে পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহতের মা রোকেয়া বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে তার ছেলে নিখোঁজ রয়েছে। এর আগে সোমবার দুইটার দিকে কবিরের চাচা খালেকের ছেলে রিয়াজ, রত্তন ডুবাইর ছেলে রাসেল শাহে আলমের ছেলে আলাউদ্দিন মিলে ঘরের পেছনে কবিরকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে মারার চেষ্টা করে, পরে আমার ছেলে ভয় পেয়ে দৌড়ে ছুটে এসে আমাকে জানায়, তার পরের দিন সন্ধ্যা থেকে কবিরের কোনো খোজ পাওয়া যায়নি। নিহত কবিরের স্ত্রী সুমা বেগম বলেন, দুই দিন খোজ করে না পেয়ে বৃহস্পতিবার আমরা থানায় জিডি করি, আজ শুক্রবার সকালে পুকুরে তার লাশ পাওয়া যায়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মহব্বত খান জানান, বৃহস্পতিবার কবিরের ভাই এসে নিখোঁজের সাধারণ ডায়েরী করেন। আজ পুকুরে লাশ পাওয়ার খবর পাই। সেখানে পুলিশের একটি টিম গিয়ে লাশ করে ময়নাতদন্তের জন্য ভোলা রেফার করা হয়েছে। এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
