আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

 

মোঃ রাজিউর রহমান

২৭টি মেডিকেল কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে প্রশিক্ষণ; সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ

দেশের ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার, ঢাকায় বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের ২৭টি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব জনাব মো. ইসরাফিল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসচিব ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং এ চিকিৎসা ব্যবস্থার সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বোর্ডের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের সভাপতি ডা. মুহাম্মদ মামুন মিয়া। শিক্ষক পরিষদের পক্ষে বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মো. কামরুল ইসলাম। এ ছাড়া ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রের ইতিহাস, ঐতিহ্য ও ক্রমবিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আ. খ. মাহবুবুর রহমান।

উদ্বোধনী অধিবেশন শেষে প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব পরিচালনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আসিব আহসান। দুই দিনব্যাপী এ কর্মশালায় ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের অতিরিক্ত সচিব জনাব শবনম মোস্তারি। তিনি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশের ২৭টি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। এ সময় বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বোর্ডের ইতিহাসে এ আয়োজন একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে কলেজগুলোর অধ্যক্ষদের একত্রিত করে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি হওয়ায় এ কর্মশালা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অংশগ্রহণকারী অধ্যক্ষদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন এবং দেশের ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাশিক্ষার সার্বিক অগ্রগতিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে লাইক দিন

;