ভোলা প্রেস ক্লাব নির্বাচন: সভাপতি অনু, সম্পাদক লিটন

নিউজ ডেক: ভোলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল হোসেন। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের নিজস্ব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে নজরুল হক অনু ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে মো. সোলেমান ১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন— যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. নুরে আলম ফয়েজউল্লাহ এবং দপ্তর সম্পাদক ছোটন সাহা। নির্বাহী সদস্য পদে মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে প্রার্থী না থাকায় ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্যের একটি পদ শূন্য রয়েছে।
জানা গেছে, প্রেস ক্লাবের মোট ৪৬ জন সদস্যের মধ্যে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিযোগিতা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর ভোলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।
