আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে রাতের আঁধারে লুটপাট: চিকিৎসার টাকা হারিয়ে বিপাকে পরিবার স্ত্রী-সন্তান রক্তাক্ত

মোঃ ইকবাল হোসেনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তার স্ত্রীসহ পরিবারের একাধিক সদস্য। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটে গত রবিবার (২৯ মার্চ) গভীর রাতে। ভুক্তভোগী পরিবারের সদস্য হাফেজ কামরুল জানান, তার বাবা সিরাজ বেপারীর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। অপারেশনের জন্য প্রয়োজনীয় নগদ টাকা বাসায় রাখা ছিল এবং পরদিন আত্মীয়ের মাধ্যমে তা ঢাকায় পাঠানোর কথা ছিল।
তিনি বলেন, “গভীর রাতে মুখোশ পরিহিত একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে পড়ে। তারা আমাদের উপর হামলা চালায় এবং আমার মা চানবুরোকে কুপিয়ে গুরুতর জখম করে।” তিনি আরও জানান, ধস্তাধস্তির একপর্যায়ে তারা ডাকাত দলের দুই সদস্যকে শনাক্ত করতে সক্ষম হন। তাদের মধ্যে একজন নাহিদ, যার বাড়ি লালমোহনে তিনি মজম বাজার এলাকায় বসবাস করে , এবং অপরজন স্থানীয় বাসিন্দা মাসুদ। এ বিষয়ে ভুক্তভোগী সিরাজ বেপারী জানান, “আমি চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ডাকাতরা আমার ঘর থেকে প্রায় ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমার স্ত্রী চানবুরো, ছেলে কসমরুল হাসান ও মেহেদী হাসান আহত হয়েছে। তাদের মধ্যে একজন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আমার স্ত্রী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” তিনি দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়রা জানান, এ ধরনের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একাধিক এলাকাবাসী বলেন, “রাত হলেই আমরা আতঙ্কে থাকি। এমন ঘটনা আগে কখনো দেখিনি। প্রশাসনের কাছে আমাদের দাবি—দ্রুত দোষীদের গ্রেপ্তার করে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” আরেকজন বাসিন্দা বলেন, “ডাকাতরা যেভাবে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা করেছে, এতে আমরা সবাই ভীত। রাতে পাহারা দেওয়ার কথাও ভাবছি।” বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফেসবুকে লাইক দিন