আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই এপ্রিল, ২০২৬ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

কাচিয়া ইউনিয়নে ইউপি সদস্য পদে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হামলা, আহত ১২

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে আব্বাস মুন্সিবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্বাস মুন্সিবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন মুন্সি নামের এক যুবক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, এর জের ধরে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়েছেন—সোহাগ মুন্সি (২০), নাইম মুন্সি (২০), বাবলু (১৫), রিনা বেগম (৩৫), রুবিনা বেগম (৩৮) ও শুভ (১৭)। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া মোশারফ মুন্সি (৪০), রাফি (১৪), আশরাফুল ইসলাম নওয়াব (১৮), তাসলিমা বেগম (৩০), রুমা বেগম (৪০) ও মায়ানুর বেগম (৩৫)সহ আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযোগে বলা হয়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ মুন্সির নেতৃত্বে কবির হাওলাদার, হাসেম হাওলাদার, জসিম হাওলাদার, রিয়াজ হাওলাদার, সোহাগ হাওলাদার, মেহেদী হাওলাদার, রাব্বি হাওলাদার, রিফাত, সজিব, শেখ ফরিদ, সবুজ ওসমান, রফিক ওসমানসহ ৩০-৪০ জনের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলার সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। নগদ অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় এবং নারীদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। অভিযুক্ত সিরাজ মুন্সির কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদার মীমাংসা করে দেবেন। এ বিষয়ে কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদি হাওলাদার বলেন, “ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছুটা তাণ্ডব হয়েছে। আমরা এলাকাবাসীকে নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।” বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুকে লাইক দিন