হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা): কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভোলার তজুমদ্দিনে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ৩ হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ এবং কৃষকদের আর্থ- সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের
মধ্যে চারাগুলো বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ করছি। এসব চারা একদিকে যেমন পরিবেশ রক্ষা করবে, অন্যদিকে কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান হতে সহায়তা করবে। প্রত্যেক কৃষককে চারা রোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, একজন কৃষক যদি একটি চারাও সঠিকভাবে পরিচর্যা করেন, তাহলে ভবিষ্যতে তা পরিবার ও সমাজের জন্য সম্পদে পরিণত হবে। সবুজায়নের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।