"মেধা ও উদ্ভাবনের মেলবন্ধনে ভোলা ও দৌলতখানে বিজ্ঞান মেলা সম্পন্ন"
//মো: আশরাফুল আলম//
শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, নতুন উদ্ভাবনী চেতনা ছড়িয়ে দেওয়া এবং মেধা ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভোলার সদর ও দৌলতখান উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় এবং এজুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) প্রজেক্টের অধীনে উপজেলা পর্যায়ে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। 'মেধা, বিজ্ঞান, উল্লাস ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের ডিজিটাল প্রজেক্টগুলো দর্শকদের দারুণভাবে নজর কাড়ে।
আজ ১২ জুন (শুক্রবার) সকাল ১০ টায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদু্ল মতিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন তালুকদার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার।অপরদিকে, ভোলা সদর উপজেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ। সদর উপজেলার অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আরিফুজ্জামান। তিনি একটি চৌকস টিম নিয়ে মেলা প্রাঙ্গণের প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের আত্মবিশ্বাসী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। সদরের অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার।উভয় অঞ্চলের আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। সদরের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অসীম আচার্য্য, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রহিম এবং জা: স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন স্যার। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রদর্শনী শেষে মেধার স্বীকৃতিস্বরূপ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় ভোলা সদর উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক ব্যবহারের দারুণ এক আইডিয়া ফুটিয়ে তুলে ১ম স্থান অধিকার করেছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে গৌরবোজ্জ্বল ২য় স্থান অর্জন করেছে টবগী মাধ্যমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করেছে ভোলা কালেক্টরেট স্কুল। উপজেলা পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় টবগী মাধ্যমিক বিদ্যালয়ের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। অপরদিকে, দৌলতখান উপজেলার প্রজেক্ট প্রদর্শনীতে চমৎকার উদ্ভাবনী মেধার স্বাক্ষর রেখে ১ম স্থান অধিকার করেছে পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান জয়নগর মাধ্যমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করেছে জয়নুল আবদিন ল্যাবরেটরি হাই স্কুল। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মুখরিত ও সফল সমাপ্তি ঘটে এই বিজ্ঞান উৎসবের।