ভোলায় সায়েন্স প্রজেক্ট শোকেসিং, ২য় টবগী মাধ্যমিক বিদ্যালয়
//মো: আশরাফুল আলম//
শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনী চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে "স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম"। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় এবং এজুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) প্রজেক্টের অধীনে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রদর্শনীতে চমৎকার
পারফরম্যান্স প্রদর্শন করে ১ম স্থান অধিকার করেছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক ব্যবহারের দারুণ এক আইডিয়া ফুটিয়ে তুলে প্রতিযোগিতায় ২য় হওয়ার গৌরব অর্জন করেছে টবগী মাধ্যমিক বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করেছে ভোলা কালেক্টরেট স্কুল।
অনুষ্ঠানের শুরুতেই একটি চৌকস টিম নিয়ে মেলা প্রাঙ্গণের প্রতিটি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের সভাপতি ও ভোলা সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আরিফুজ্জামান। পরিদর্শনকালে তিনি প্রতিটি স্টলে গিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের সাথে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী প্রজেক্ট সম্পর্কে নানা খুঁটিনাটি প্রশ্ন করেন। শিক্ষার্থীরাও অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও আত্মবিশ্বাসের সাথে তাদের প্রজেক্টের কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা ইউএনও মহোদয়ের সামনে তুলে ধরে। তিনি অত্যন্ত মনোযোগ সহকারে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং তাদের এমন সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি উপস্থিত সকল শিক্ষার্থীকে গভীর উৎসাহ ও ধন্যবাদ দিয়ে স্টল ত্যাগ করেন।এরপর এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার। পুরস্কার বিতরণী পর্বে এই ধরনের আয়োজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অসীম আচার্য্য, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রহিম এবং জা: স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন স্যার। বক্তারা তাদের বক্তব্যে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। প্রতিযোগিতা শেষে মেধার স্বীকৃতিস্বরূপ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় টবগী মাধ্যমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।