“ক্ষণিকের মেলা”

“ক্ষণিকের মেলা”
//মো:আশরাফুল আলম//
কবর কিংবা শ্মশান পাড়ে দাঁড়িয়ে যখন ভাবি,
মিথ্যে এ সব অহংকার আর মিথ্যে পাওয়ার দাবি।
যিনি আজ ওই মাটির নিচে বা ছাইভস্মের মাঝে,
ব্যস্ত ছিলেন আমার মতোই নানা রঙের কাজে।
ছিল তো তাঁরও চঞ্চল মন, আপন মানুষ কত,
ছুটেছেন তিনি সুখের পিছে, আমাদেরই মতো।
আজকে তিনি একলা ভীষণ, নীরব নিথর কায়া,
কোথায় গেল দালান-কোঠা, আর দুনিয়া জোড়া মায়া?
ওরে আমার অবুঝ মন, কিসের এত বড়াই?
দিন ফুরালে থমকে যাবে জীবন-যুদ্ধের লড়াই।
পরের তরে বিলিয়ে দিলি সাধের এই জীবন,
আখেরাতের আসল খোঁজে রইলি অচেতন!
খালি হাতেই এসেছিস ভাই, খালি হাতেই যাবি,
যতই জমাও টাকার পাহাড়, সঙ্গে নাহি পাবি।
তিন টুকরো সাদা কাফন কিংবা কাঠের চিতা,
ঘুচিয়ে দেবে এক নিমেষে সব চাওয়া-পাওয়ার খাতা।
আজকে আমি, কালকে তুমি—যাবো রে ওই পার,
একই ঘাটে মিলবে তরী, মিলবে না তো ছাড়।
হিন্দু কিংবা মুসলিম হোন, ধনী কিম্বা দীন,
মাটির বুকেই সাঙ্গ হবে সবার একদিন।
