মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার জনপ্রিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান অন্যত্র বদলি হয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের এক নির্ভরতার নাম, মানবতার এক উজ্জ্বল প্রতীক। তাঁর অফিসের দরজা সবসময় খোলা ছিল অসহায়, দরিদ্র, পঙ্গু কিংবা জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য। কখনো কেউ সাহায্যের আশায় গিয়ে খালি হাতে ফেরেননি—এমনটাই বলছেন উপজেলাবাসী।
প্রশাসনের প্রতি মানুষের আস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণসহ প্রতিটি সেক্টরে তাঁর কর্মদক্ষতা, সততা ও ত্যাগ উপজেলা প্রশাসনকে পৌঁছে দেয় নতুন উচ্চতায়। শীতের কনকনে রাতে শীতার্তদের ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেওয়া, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, চিকিৎসাসহ নানান আর্থিক সহায়তা—সবই করেছেন নিজের দায়িত্ব নয়, মানবতার টানে। ফলে বোরহানউদ্দিনের মানুষ তাঁকে ভালোবেসে ডাকেন—“মানবিক ইউএনও”। সাচড়া ইউনিয়নের সিডু মিয়া বলেন, “অনেক দিন ধরে বেকার ছিলাম। ইউএনও স্যারের সহায়তায় একটা ভ্যানগাড়ি পেয়েছি। এখন আল্লাহর রহমতে আয়-রোজগার করে পরিবার চালাতে পারব। আল্লাহ স্যারকে ভালো রাখুক।” টবগী ইউনিয়নের ঝন্টু মিয়া বলেন, “দোকান চালানোর মতো পুঁজি ছিল না। ইউনো স্যার নতুন মালামাল দিয়ে দোকান সাজিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ পরিশ্রম করে এগিয়ে যাব। স্যারের জন্য আজীবন দোয়া থাকবে।” সাচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা বলেন, “ইউএনও রায়হান উজ্জামান স্যার শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, ছিলেন মানুষের সংকটের মুহূর্তে ভরসার জায়গা। উন্নয়ন, সুশাসন ও মানবিকতায় তিনি যে দৃষ্টান্ত রেখে গেলেন, তা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মতো একজন প্রশিক্ষিত, জনবান্ধব কর্মকর্তা পাওয়া ভাগ্যর বিষয়।”
বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার বলেন, “দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তিনি যে নিরলস পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। ইউনিয়নের প্রত্যন্ত গ্রামেও তিনি গিয়ে মানুষের কথা শুনেছেন। তাঁর চলে যাওয়া বোরহানউদ্দিনের জন্য বড় ধরনের শূন্যতা। আমরা তাঁর কর্মজীবনের আরও সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।” সরকারি নির্দেশনা অনুযায়ী তিনি বরিশাল সিটি কর্পোেরেশনের নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন। কিন্তু তাঁর রেখে যাওয়া মানবতার আলো, কর্মদক্ষতা, সেবা, সহানুভূতি—সবকিছুই বোরহানউদ্দিনের স্মৃতিতে থাকবে অনন্তকাল। মানুষ বলছে—"যে আলো তিনি জ্বালিয়েছেন, তা কখনো নিভে যাওয়ার নয়।" বোরহানউদ্দিনের আকাশে তিনি হয়ে থাকবেন সেই উজ্জ্বল নক্ষত্র, যার আলো মানুষকে পথ দেখাবে, অনুপ্রেরণা দেবে—আর মনে করিয়ে দেবে, একজন প্রশাসকও হতে পারেন জনতার আপনজন। উপজেলাবাসীরা দোয়া করে বলেন, “স্যার যেখানেই যান, যেন তাঁর মানবিকতা ও সৎকর্ম আরও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাঁকে ভালো রাখুন, শক্তি দিন, ও আরও বড় দায়িত্ব পালনের যোগ্যতা দান করুন।”।