মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে ১লা নভেম্বর (শনিবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান। তিনি বলেন “এই বছরের প্রতিপাদ্য— সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি— আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়। একজন মানুষ একা কিছু করতে পারে না, কিন্তু যৌথ উদ্যোগে যেকোনো বড় কাজ সফল করা সম্ভব। এটাই সমবায়ের মূল শক্তি।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিআরডিবি সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং কনফিডেন্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য আবদুল হালিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বোরহানউদ্দিন উপজেলা সভাপতি এম এ অন্তর হাওলাদার, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন, পরিদর্শক মোঃ শামীম আকতার, এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।