মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বোরহানউদ্দিন পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মঈন বিন সাইফুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ ফয়সাল আহাম্মেদ এবং দ্বীপাঞ্চল শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক মোঃ মুজাহিদ পরিবেশন করেন মনোমুগ্ধকর ইসলামী সংগীত।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ রাকিব আল হাসান বলেন, "এসএসসি ও এইচএসসি উচ্চশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সিঁড়ি। এই সিঁড়ি পেরিয়ে শিক্ষার্থীদের উন্নতিতে আমরা সবসময় পাশে ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।"
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "একজন ছাত্রের সাফল্যের পেছনে শিক্ষক-অভিভাবকসহ অনেকের অবদান থাকে। আমি এমন অনেক অভিভাবক দেখেছি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের পাশে থাকেন। শিক্ষকরাও তাদের সর্বোচ্চ চেষ্টা করেন। তোমাদের এই সাফল্যে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোঃ বিন ইয়ামিন খান, শিবিরের জেলা সভাপতি মোঃ জসিম উদ্দীন এবং শিল্পী ও ব্যবসায়ী মোঃ বোরহান মাহমুদ। শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম এবং সরাসগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মোঃ হেলাল উদ্দিন রুবেল। তিনি বলেন, "সাধারণ শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তোলাই ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য। তারা প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে এবং বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছে।" তিনি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদেরকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রায় ৭৬ জন জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, গিফট বক্স ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।